
আপনি রাতের আকাশের দিকে তাকান একবার। যতদূর চোখ যায়- তারা, ছায়াপথ, নীহারিকাগুলো যেন আমাদের পরিচিত মহাবিশ্বের অংশ। কিন্তু আপনি যা দেখছেন, তা মহাবিশ্বের মোট উপাদানের মাত্র পাঁচ শতাংশ। বাকি পঁচানব্বই শতাংশ অদৃশ্য। অজানা। আর সেই অজানাই আজ পদার্থবিজ্ঞানের সবচেয়ে গভীর রহস্য।
এই রহস্য শুধু দূর মহাকাশে সীমাবদ্ধ নয়। আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনায়ও এমন প্রশ্ন লুকিয়ে আছে, যার উত্তর বিজ্ঞান এখনো দিতে পারেনি। কালো পদার্থ, কালো শক্তি, প্রতিপদার্থের অদৃশ্য হয়ে যাওয়া, অশান্ত প্রবাহ, অতিপরিবাহিতার রহস্য, অতিশক্তিধর মহাজাগতিক রশ্মি এবং সময়ের একমুখী প্রবাহ, এই বিষয়গুলো আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে জটিল অমীমাংসিত প্রশ্ন।
যে ছায়া মহাবিশ্বকে ধরে রেখেছে:
১৯৭০-এর দশকে জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন লক্ষ্য করেন একটি অদ্ভুত ঘটনা। ছায়াপথের প্রান্তভাগের তারাগুলো হিসাবমতো ধীরগতির হয় না। দৃশ্যমান পদার্থের মহাকর্ষীয় আকর্ষণ দিয়ে এদের এত দ্রুত ঘূর্ণন ব্যাখ্যা করা যায় না। কোনো অদৃশ্য পদার্থ যেন বাড়তি টান দিচ্ছে। আলো ছড়ায় না, শোষণও করে না, শুধু মহাকর্ষের ছাপ রেখে যায়।
এই অদৃশ্য উপাদানকেই বলা হয় কালো পদার্থ। মহাবিশ্বের মোট ভর-শক্তির প্রায় সাতাশ শতাংশ এটি দখল করে আছে। মহাকর্ষীয় লেন্সিং পর্যবেক্ষণেও এর উপস্থিতির ছাপ ধরা পড়ে। তবু এর প্রকৃত কণা কী, তা আজও অজানা। ভূগর্ভের অত্যন্ত সংবেদনশীল ডিটেক্টর কয়েক দশক ধরে খুঁজেও কোনো স্পষ্ট সংকেত পায়নি। এ কারণে কিছু বিজ্ঞানী প্রশ্ন তুলছেন—হয়তো কণা নেই, বরং মহাকর্ষের সূত্রই অসম্পূর্ণ।
যে শক্তি মহাবিশ্বকে ঠেলে দিচ্ছে:
কালো শক্তির রহস্য আরও গভীর। ১৯৯৮ সালে পর্যবেক্ষণে দেখা যায়, মহাবিশ্ব শুধু প্রসারিত হচ্ছে না, প্রসারণের হারও ক্রমশ বাড়ছে। এই ত্বরণের পেছনে যে অজানা শক্তি কাজ করছে, তাকে কালো শক্তি বলা হয়। এটি মহাবিশ্বের প্রায় আটষট্টি শতাংশ জুড়ে আছে।
কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শূন্যস্থানের শক্তির যে মান পাওয়া যায়, তা পর্যবেক্ষণলব্ধ মানের চেয়ে প্রায় দশের বিশ ঘাত গুণ বেশি। এই বিশাল অমিল পদার্থবিজ্ঞানের অন্যতম বড় সমস্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে হাবল টেনশন। মহাজাগতিক পটভূমি বিকিরণ থেকে প্রসারণের হার মাপলে এক মান আসে, কাছের তারা ও ছায়াপথ থেকে মাপলে আরেক মান আসে। সাম্প্রতিক কিছু জরিপ ইঙ্গিত দিচ্ছে যে কালো শক্তি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু সেই সম্ভাবনা এখনো নিশ্চিত নয়।
প্রতিপদার্থের অদৃশ্য হয়ে যাওয়া:
মহাবিস্ফোটনের সময় পদার্থ ও প্রতিপদার্থ সমান পরিমাণে তৈরি হওয়ার কথা। দুটি মিললে তারা শক্তিতে রূপান্তরিত হয়ে মিলিয়ে যায়। তবু আমরা আজ আছি। অর্থাৎ শুরুতে সামান্য একটু পদার্থ উদ্বৃত্ত থেকে গিয়েছিল।
কণা-পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল পদার্থ ও প্রতিপদার্থের আচরণে যে সামান্য অসমতা দেখায়, তা এই উদ্বৃত্ত ব্যাখ্যা করার জন্য অনেক কম। বাকি অসমতা কোথা থেকে এসেছে তার উত্তর এখনো মেলেনি।
যে সমীকরণ এখনো অমীমাংসিত:
নদীর ঘূর্ণি, বিমানের ডানার পেছনের ঝাপটা বা চায়ের কাপে চামচ ঘোরালে যে এলোমেলো স্রোত তৈরি হয়—সবই অশান্ত প্রবাহ। প্রবাহ নিয়ন্ত্রণকারী নেভিয়ারস্টোকস সমীকরণ প্রায় দুই শতাব্দী ধরে জানা। তবু তিন মাত্রায় এর সমাধান সবসময় মসৃণ ও সুনির্দিষ্ট থাকে কি না, তা গাণিতিকভাবে প্রমাণিত হয়নি।
ক্লে ম্যাথেমেটিক্যাল ইনস্টিটিউট এই প্রশ্নের সমাধানে দশ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে। প্রকৌশলীরা অনুমানভিত্তিক মডেল দিয়ে কাজ চালান, কিন্তু মূল তত্ত্ব অসম্পূর্ণই রয়ে গেছে।
অতিপরিবাহিতার অজানা রহস্য:
কিছু পদার্থ খুব নিম্ন তাপমাত্রায় বিনা রোধে বিদ্যুৎ বহন করে। সাধারণ ধাতুর ক্ষেত্রে ১৯৫৭ সালের বিসিএস তত্ত্ব এটি ব্যাখ্যা করে। কিন্তু ১৯৮৬ সালে আবিষ্কৃত তামা-অক্সাইডজাত কিউপ্রেট পদার্থ অনেক উঁচু তাপমাত্রায় অতিপরিবাহী হয়। বায়ুমণ্ডলীয় চাপে প্রায় ঋণাত্মক একশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা কাজ করে।
চার দশক পরেও এদের কাজের প্রক্রিয়া নিশ্চিতভাবে জানা যায়নি। ঘরের তাপমাত্রায় অতিপরিবাহী পদার্থ পাওয়া গেলে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষতি প্রায় শূন্যে নেমে আসবে। কিন্তু সেই দরজা এখনো বন্ধ।
অতিশক্তিধর মহাজাগতিক রশ্মি:
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের ইউটাহে এক কণা ধরা পড়ে, যার শক্তি প্রায় তিন গুণ দশের বিশ ঘাত ইলেকট্রনভোল্ট। একে “ওহ-মাই-গড” কণা বলা হয়। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরক এলএইচসির কণার চেয়ে প্রায় চার কোটি গুণ বেশি শক্তির। ২০২১ সালে প্রায় একই ধরনের আরেকটি কণা “আমাতেরাসু” ধরা পড়ে।
এত শক্তি কোন প্রক্রিয়ায় জন্মায়, জানা যায়নি। যে দিক থেকে এসেছে বলে মনে হয়, সেদিকে এমন শক্তির উপযুক্ত কোনো জ্ঞাত বস্তুও নেই।
সময়ের একমুখী প্রবাহ:
পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলো সময়ের দিক মানে না। সময় উল্টো চললেও সূত্র ভাঙে না। তবু ডিম ভাঙে, জোড়া লাগে না। প্রচলিত ব্যাখ্যা হলো, এনট্রপি বা বিশৃঙ্খলা বাড়ার দিকেই সময় চলে। কিন্তু এতে প্রশ্ন শুধু পিছিয়ে যায়—মহাবিস্ফোটনের মুহূর্তে মহাবিশ্বের এনট্রপি এত কম ছিল কেন?
দুই তত্ত্বের অমিল:
বৃহৎ স্কেলে মহাকর্ষ চলে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা দিয়ে, ক্ষুদ্র স্কেলে কোয়ান্টাম বলবিদ্যা দিয়ে। কৃষ্ণগহ্বরের কেন্দ্র ও মহাবিস্ফোটনের প্রথম মুহূর্তে দুটি তত্ত্বই একসঙ্গে দরকার, কিন্তু গাণিতিকভাবে দুটি মেলানো যায় না। স্ট্রিং তত্ত্ব ও লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি দুটি প্রধান প্রার্থী, কিন্তু কোনোটিই পরীক্ষায় যাচাই হয়নি।
কোয়ান্টাম বলবিদ্যার ভেতরেও একটি প্রশ্ন ঝুলে আছে: “পরিমাপের মুহূর্তে সম্ভাবনার তরঙ্গ কীভাবে একটিমাত্র নির্দিষ্ট ফলাফলে পরিণত হয়?”
এই অমীমাংসিত প্রশ্নগুলো দেখায় যে আমাদের সবচেয়ে সফল তত্ত্বগুলোও কোথাও না কোথাও থেমে যায়। কালো পদার্থ ও কালো শক্তির প্রকৃতি, প্রতিপদার্থের অসমতা, অশান্ত প্রবাহের গাণিতিক সমাধান, উচ্চতাপমাত্রার অতিপরিবাহিতা, অতিশক্তিধর রশ্মির উৎস, সময়ের দিক এবং কোয়ান্টাম মহাকর্ষ, এই প্রতিটি বিষয়ই নতুন পদার্থবিজ্ঞানের দরজা খুলে দিতে পারে।
এই রহস্যগুলো সমাধান হলে মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা আমূল বদলে যেতে পারে। বিজ্ঞানের অগ্রগতি প্রায়ই এমন অজানা প্রশ্ন থেকেই শুরু হয়। তাই এই অমীমাংসিত বিষয়গুলোকে উপেক্ষা না করে গভীরভাবে অনুসন্ধান করাই আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম প্রধান কাজ।
লিখেছেন:
আল মামুন রিটন
সম্পাদক, বিজ্ঞান তথ্য
