জ্যোতির্বিজ্ঞান

উল্কাপিণ্ডের আঘাতে তৈরি পাথরের মাকড়সা

পৃথিবীর বুকে এমন কিছু ভূতাত্ত্বিক গঠন রয়েছে, যেগুলো ওপর থেকে দেখলে অবিশ্বাস্য মনে হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে অবস্থিত স্পাইডার ক্রেটার তেমনই একটি নিদর্শন। মহাকাশ থেকে দেখলে মনে হয়, বিশাল একটি পাথরের মাকড়সা ভূমির ওপর পা ছড়িয়ে বসে আছে। কিন্তু এই অদ্ভুত আকৃতির পেছনে রয়েছে একটি প্রাচীন মহাজাগতিক সংঘর্ষ এবং কোটি কোটি বছরের প্রাকৃতিক ক্ষয়ের ইতিহাস।

নাসার ল্যান্ডস্যাট ৯ উপগ্রহের অপারেশনাল ল্যান্ড ইমেজার ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর এই ভূতাত্ত্বিক কাঠামোর ছবি ধারণ করে। পুরো ক্রেটারটি প্রায় ১৩ কিলোমিটার লম্বা ও ১১ কিলোমিটার চওড়া। এর মাঝখানের মাকড়সার মতো অংশটির বিস্তার প্রায় ৪ কিলোমিটার।

বিজ্ঞানীদের ধারণা, প্রায় ৬০ থেকে ৯০ কোটি বছর আগে একটি উল্কাপিণ্ডের আঘাতে এই কাঠামোর সৃষ্টি হয়েছিল। সংঘর্ষের প্রচণ্ড শক্তি আশপাশের শিলায় তীব্র চাপ সৃষ্টি করে। এতে গর্তের কেন্দ্রীয় অংশের শিলা সংকুচিত ও বিকৃত হওয়ার পর আবার ওপরে উঠে আসে। এই প্রক্রিয়ায় তৈরি উঁচু অংশকে ভূতত্ত্বে central uplift বা কেন্দ্রীয় উত্থান বলা হয়। স্পাইডার ক্রেটারের মাঝের কাঠামোটি সেই প্রক্রিয়ার অবশিষ্টাংশ বলে মনে করা হয়।

এর শাখাগুলোর মতো দেখতে অংশগুলো মূলত বেলেপাথরের শৈলশিরা। দীর্ঘ সময় ধরে বাতাস, বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ায় আশপাশের অপেক্ষাকৃত দুর্বল শিলা ক্ষয়ে গেছে। কিন্তু শক্ত বেলেপাথরের স্তরগুলো টিকে থাকায় সেগুলো এখন মাকড়সার পায়ের মতো দেখায়।

একসময় বিজ্ঞানীরা এই গঠনের উৎপত্তি নিয়ে দ্বিধায় ছিলেন। কেউ কেউ আগ্নেয়গিরির সঙ্গে এর সম্পর্ক থাকার ধারণাও দিয়েছিলেন। পরে গবেষকেরা শিলার মধ্যে shatter cones নামে পরিচিত শঙ্কু আকৃতির ফাটল খুঁজে পান। প্রচণ্ড চাপের তরঙ্গ শিলার মধ্য দিয়ে ছড়িয়ে পড়লে এ ধরনের গঠন তৈরি হতে পারে। এটি উল্কাপিণ্ডের আঘাতের গুরুত্বপূর্ণ প্রমাণ।

এ ছাড়া শিলার কোয়ার্টজ ও জিরকন স্ফটিক পরীক্ষা করেও সংঘর্ষের প্রভাব শনাক্ত করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। এসব খনিজের বিকৃতির ধরন থেকে উল্কাপিণ্ডটি তির্যক কোণে আঘাত করেছিল কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

স্পাইডার ক্রেটারের সঠিক বয়স এখনো নিশ্চিত নয়। আঞ্চলিক ভূতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে এর বয়স প্রায় ৬০ থেকে ৯০ কোটি বছর বলে অনুমান করা হয়।

স্পাইডার ক্রেটার যে শুধু অদ্ভুত একটি ভূদৃশ্য তা নয়। এটি আমাদের পৃথিবীর সুদূর অতীতে ঘটে যাওয়া এক মহাজাগতিক সংঘর্ষের চিহ্ন, যা কোটি কোটি বছরের ক্ষয় পেরিয়েও আজও টিকে আছে।

সূত্র: নাসা সাইন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button