
(বিজ্ঞান তথ্য ডেস্ক): পৃথিবী থেকে মাত্র ২৮ আলোকবর্ষ দূরে সন্ধান মিলেছে এক বিরল তিন-তারকা ব্যবস্থার, যা নক্ষত্রের বিবর্তন সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। ‘ওয়েলোপো’আই’ (Weloopoi) নামের এই ব্যবস্থায় রয়েছে একটি লাল বামন ও দুটি শ্বেত বামন। গবেষকদের মতে, এত কাছাকাছি দূরত্বে এমন কাঠামোর অন্য কোনো তুলনীয় ব্যবস্থা এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের দলটি মূলত একটি লাল বামন নক্ষত্রকে ঘিরে বহির্গ্রহের সন্ধান চালাতে গিয়ে ঘটনাক্রমে এই অস্বাভাবিক ব্যবস্থার সন্ধান পায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে Astronomy & Astrophysics জার্নালে।
আবিষ্কারের শুরু কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপে থাকা SPIRou যন্ত্রের পর্যবেক্ষণ থেকে। বিজ্ঞানীরা একটি লাল বামনের গতিবেগ পরিমাপ করতে গিয়ে স্বাভাবিকের তুলনায় অনেক বড় পরিবর্তন দেখতে পান। গ্রহের মহাকর্ষীয় প্রভাবে সাধারণত নক্ষত্রের গতিবেগে যে পরিবর্তন ঘটে, তার চেয়ে প্রায় হাজার গুণ বেশি ছিল এই সংকেত। গতিবেগের পার্থক্য ছিল সেকেন্ডে প্রায় ১৬ কিলোমিটার।
এত বড় পরিবর্তন দেখে গবেষকদের ধারণা হয়, নক্ষত্রটিকে কোনো গ্রহ নয়, বরং অনেক বেশি ভরের একটি বস্তু প্রভাবিত করছে। পরবর্তী পর্যবেক্ষণে জেমিনি নর্থ টেলিস্কোপের উচ্চ-রেজোলিউশন ইমেজিং যন্ত্র ব্যবহার করে তাঁরা একটি ম্লান সহচর শনাক্ত করেন। সেটি একটি শ্বেত বামন, অর্থাৎ একসময় নক্ষত্র থাকা কোনো বস্তুর বিবর্তনের শেষ পর্যায়ের অবশিষ্টাংশ।
এই ব্যবস্থায় আরও একটি শ্বেত বামন আগে থেকেই শনাক্ত ছিল। নতুন পর্যবেক্ষণে তিনটি নক্ষত্রের অবস্থান ও গঠন স্পষ্ট হয়। একটি লাল বামন ও একটি শ্বেত বামন কাছাকাছি কক্ষপথে পরস্পরকে প্রদক্ষিণ করছে। অন্য শ্বেত বামনটি তাদের দুজনকে ঘিরে অনেক দূরের কক্ষপথে ঘুরছে।
এই আবিষ্কারের সবচেয়ে বড় রহস্য এর বিবর্তনীয় ইতিহাস। নতুন শনাক্ত শ্বেত বামনটির পূর্বসূরি নক্ষত্রের ভর ছিল সূর্যের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। নক্ষত্রটি যখন লাল দানব পর্যায়ে প্রবেশ করে, তখন তার আকার কয়েকশ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।
তাত্ত্বিকভাবে, ওই নক্ষত্রের ব্যাপক সম্প্রসারণ কাছের লাল বামনটিকে গ্রাস করতে পারত। এমনকি দুই নক্ষত্রের সংঘর্ষ বা একীভূত হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। কিন্তু এসব বিপর্যয় এড়িয়ে লাল বামনটি কীভাবে টিকে গেল এবং তুলনামূলক স্থিতিশীল কক্ষপথে রয়ে গেল, তা এখনো বিজ্ঞানীদের কাছে পরিষ্কার নয়।
গবেষণার সহ-লেখক প্যাট্রিক ডুফুর এই অস্বাভাবিক গঠন সম্পর্কে বলেন, “এই ব্যবস্থার অস্তিত্ব থাকা উচিত নয়। এটি কীভাবে এই কাঠামোতে পৌঁছাল, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা আমাদের কাছে নেই।”
গবেষকরা নতুন শ্বেত বামনটির ভর মাত্র ০.৭ শতাংশ অনিশ্চয়তার মধ্যে নির্ধারণ করতে পেরেছেন। এত নিখুঁত পরিমাপ নক্ষত্রের বিবর্তন সম্পর্কিত তাত্ত্বিক মডেল পরীক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েলোপো’আই-এর আবিষ্কার বহু-তারকা ব্যবস্থায় নক্ষত্রের জীবন ও মহাকর্ষীয় মিথস্ক্রিয়া সম্পর্কে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভবিষ্যতে তিনটি নক্ষত্রের পারস্পরিক মহাকর্ষীয় প্রভাব বিশ্লেষণ করে এই অস্বাভাবিক ব্যবস্থার উৎপত্তি ও টিকে থাকার রহস্য উন্মোচনের চেষ্টা করবেন গবেষকরা।
তথ্যসূত্র: Astronomy & Astrophysics জার্নাল
