
কোষের ভেতরে আরএনএ স্বাভাবিকভাবেই তৈরি হয় এবং ভেঙে ফেলা হয়। এই চক্র প্রোটিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ত্রুটিপূর্ণ আরএনএ অপসারণ করে। কিন্তু যখন আরএনএ তৈরির পরিমাণ তা ভেঙে ফেলার সক্ষমতার চেয়ে বেশি হয়ে যায়, তখন কোষের শক্তিকেন্দ্র মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রক্রিয়াটি সম্প্রতি চিহ্নিত করেছেন।
গবেষণাটি পরিচালিত হয়েছে পক্সভাইরাস সংক্রমণের সময় কোষে ঘটে যাওয়া পরিবর্তনের ওপর ভিত্তি করে। ভাইরাস সংক্রমণের সময় কোষে বিপুল পরিমাণ আরএনএ তৈরি হয়। এই বাড়তি আরএনএ মাইটোকন্ড্রিয়ার স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে। মাইটোকন্ড্রিয়া হলো কোষের সেই কাঠামো, যা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অধিকাংশ শক্তি উৎপাদন করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষতি রোগ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ঘটে না; বরং অতিরিক্ত আরএনএ সরাসরি মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।
আগে থেকেই জানা ছিল, আরএনএ অবক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে কোষ তার অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। নতুন গবেষণায় দেখা গেছে, একই প্রক্রিয়া কোষের শক্তির জোগান ঠিক রাখার জন্যও সমানভাবে জরুরি। যখন আরএনএ উৎপাদন কোষের তা ভেঙে ফেলার ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন শক্তির উৎস ক্ষতিগ্রস্ত হয়।
এই আবিষ্কারের প্রভাব কেবল ভাইরাল সংক্রমণের মধ্যেই সীমাবদ্ধ নয়। বার্ধক্যজনিত রোগ এবং আরএনএ-ভিত্তিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নেও এটি নতুন দিশা দেখাতে পারে। কোষের শক্তির ভারসাম্য রক্ষার এই প্রক্রিয়াটি ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: সায়েন্সডেইলি
