
(বিজ্ঞান তথ্য ডেস্ক): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের সবচেয়ে পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ করে দিচ্ছে মূল প্রতিষ্ঠান মেটা। এর পরিবর্তে চালু হচ্ছে নতুন মেট্রিক ‘ভিউয়ারস’।
এতদিন পোস্ট, ছবি, ভিডিও বা রিলস কতগুলো অনন্য অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপের জন্য ‘রিচ’ মেট্রিক ব্যবহৃত হতো। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে এই পদ্ধতি আর পাওয়া যাবে না।
মেটার ভাষ্য অনুযায়ী, রিচ-এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামে নতুন একটি মেট্রিক চালু করা হবে, যা কনটেন্ট দেখার পরিসংখ্যান আরও সুনির্দিষ্টভাবে তুলে ধরবে।
নতুন সিস্টেমে দুটি বিষয় দেখা যাবে:
১. Views: কনটেন্টটি মোট কতবার দেখা হয়েছে
২. Viewers: কতজন আলাদা অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে
মেটা জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে। অবশ্য মেটা ২০২৫ সাল থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ইমপ্রেশনস-এর বদলে ‘ভিউস’ মেট্রিক চালু করার কাজ শুরু করেছিল। ২০২৬ সালে এসে তারা ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কনটেন্ট দেখা ইউনিক বা অনন্য অ্যাকাউন্টের সংখ্যা আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে।
এই পরিবর্তন ফেসবুক পেজ অ্যাডমিন, মিডিয়া প্রতিষ্ঠান, ব্যবসা এবং কনটেন্ট ক্রিয়েটরদের ট্র্যাকিং পদ্ধতিতে প্রভাব ফেলবে। তাদের এখন থেকে রিচ এর পরিবর্তে ভিউয়ারস দেখে পারফরম্যান্স যাচাই করতে হবে।
বিজ্ঞাপনের ক্ষেত্রে অবশ্য Reach Objective এখন Awareness Objective-এর ভেতরে Maximize reach of ads নামে থাকছে, তাই অ্যাডসে আপাতত বড় পরিবর্তন হচ্ছে না।
