
বিজ্ঞান বলতে আমরা সাধারণত বুঝি পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের মোটা মোটা বই, সূত্রের তালিকা আর পরীক্ষাগারে সাদা অ্যাপ্রন পরা কিছু মানুষ। আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদের তাই শিখিয়েছে। বিজ্ঞান মানে পরীক্ষায় বেশি নম্বর, মুখস্থ করা সংজ্ঞা, আর ভালো চাকরির সিঁড়ি। কিন্তু এই ধারণাটা ভয়ংকর রকম অসম্পূর্ণ।
আসলে বইয়ে যা থাকে তা বিজ্ঞানের মৃতদেহ। আর চিন্তার যে অভ্যাসটা, সেটা তার প্রাণ। বইয়ের জ্ঞান আপনাকে বলবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু চিন্তার অভ্যাস আপনাকে শেখাবে কীভাবে মানুষ প্রথমবার এই কথাটা ভেবেছিল, যখন চারপাশের সবাই বলছিল উল্টোটা। কীভাবে গ্যালিলিও টেলিস্কোপে চোখ রেখে নিজের বিশ্বাসকে, সমাজের বিশ্বাসকে, এমনকি ধর্মের ভয়কে প্রশ্ন করেছিলেন। এই প্রশ্ন করার সাহসটাই বিজ্ঞান। সূত্রটা নয়।
আমাদের চারপাশে তাকালে দেখবেন, অনেক শিক্ষিত মানুষ আছেন যারা বিজ্ঞানের বই পড়েছেন, কিন্তু বিজ্ঞানমনস্ক নন। তারা ডাক্তার হয়েও তাবিজে বিশ্বাস করেন, ইঞ্জিনিয়ার হয়েও দিন-তারিখ দেখে রকেট উৎক্ষেপণের শুভ সময় খোঁজেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও গুজবে কান দেন। কারণ তাদের কাছে বিজ্ঞান একটা ডিগ্রি, একটা পরিচয়, কিন্তু দৈনন্দিন জীবনে সত্য খোঁজার হাতিয়ার নয়।
আবার উল্টোটাও আছে। একজন কৃষক যিনি কোনোদিন ল্যাবে যাননি, তিনি যখন দেখেন এবার বীজ বোনার পর ফলন কম হলো কেন, তিনি মাটি পরীক্ষা করেন, পানি দেওয়ার সময় বদলান, অন্য জাতের বীজের সঙ্গে তুলনা করেন – তিনি বই না পড়েও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করছেন। তিনি পর্যবেক্ষণ করছেন, অনুমান করছেন, পরীক্ষা করছেন। এটাই বিজ্ঞান।
বিজ্ঞানমনস্কতার মূল স্তম্ভগুলো আসলে খুব সাধারণ, কিন্তু অভ্যাস করা কঠিন। প্রথমত, কৌতূহল। শিশুরা স্বাভাবিকভাবেই বিজ্ঞানী। তারা হাজারটা কেন জিজ্ঞেস করে। আমরা বড় হয়ে সেই কেন-কে বিরক্তিকর মনে করি। আমরা উত্তর জানি ভেবে নিই। বিজ্ঞানমনস্কতা বলে, জানার ভান না করে আবার শিশুর মতো জিজ্ঞেস করো – কেন এমন হয়?
দ্বিতীয়ত, প্রমাণের প্রতি শ্রদ্ধা। আমাদের মস্তিষ্ক আরাম খোঁজে। যে তথ্য আমাদের আগের বিশ্বাসের সঙ্গে মেলে, আমরা সেটাই বিশ্বাস করতে চাই। ফেসবুকে একটা পোস্ট দেখলাম যা আমার রাজনৈতিক মতের সঙ্গে মিলে গেল, আমি সঙ্গে সঙ্গে শেয়ার করে দিলাম। যাচাই করলাম না। বিজ্ঞানমনস্ক মানুষ এখানেই থামে। সে বলে, আমার ভালো লাগা সত্যের মাপকাঠি নয়। প্রমাণ কোথায়?
তৃতীয়ত, ভুল স্বীকার করার বিনয়। বইয়ের জ্ঞান আমাদের অহংকারী করে। আমি জানি। আর চিন্তার অভ্যাস আমাদের বিনয়ী করে। আমি ভুল হতে পারি। পৃথিবীর সব বড় বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে আছে নিজের ভুল স্বীকার করার গল্প। আইনস্টাইন নিজেও তার অনেক ধারণা বদলেছিলেন। আমাদের সমাজে ভুল স্বীকার করাকে দুর্বলতা ভাবা হয়, অথচ বিজ্ঞানে এটাই শক্তির উৎস।
এই অভ্যাসের অভাবেই আমাদের সমাজে গুজব এত দ্রুত ছড়ায়। পদ্মা সেতুতে মাথা লাগবে, করোনার সময় থানকুনি পাতা খেলে ভাইরাস মরবে, কিংবা কোনো খাবার খেলে সঙ্গে সঙ্গে ক্যান্সার ভালো হয়ে যাবে – এই কথাগুলো কোনো প্রমাণ ছাড়াই আমরা বিশ্বাস করি। কারণ আমরা প্রশ্ন করতে ভুলে গেছি। আমরা স্রোতে ভেসে যাই।
তাহলে এই অভ্যাস গড়ব কীভাবে? এর জন্য ল্যাবরেটরি লাগবে না। শুরুটা হোক ঘর থেকেই। সন্তান যখন প্রশ্ন করে, তাকে ধমক না দিয়ে বলুন, চলো একসঙ্গে খুঁজি। ক্লাসে শিক্ষক যখন পড়ান, শুধু সংজ্ঞা না লিখিয়ে ছাত্রদের বলুন, এই সূত্রটা যদি ভুল হয়, তুমি কীভাবে প্রমাণ করবে? বাজারে কোনো পণ্যের বিজ্ঞাপন দেখে বিশ্বাস করার আগে ভাবুন, এর পেছনে গবেষণা আছে, নাকি শুধু আবেগ?
বিজ্ঞানকে সাবজেক্ট থেকে সংস্কৃতিতে পরিণত করতে হবে।একটা দেশ তখনই এগোয়, যখন তার মানুষ বইয়ের বাইরে ভাবতে শেখে। রাস্তায় জল জমে কেন, তার জন্য শুধু সরকারকে গালি না দিয়ে, পানি নিষ্কাশনের নকশা নিয়ে প্রশ্ন তোলে। একজন রোগী মারা গেলে ডাক্তারকে পিটিয়ে না দিয়ে, চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে তথ্য খোঁজে।
বিজ্ঞান তাই কোনো দূরের জিনিস নয়। এটা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। এটা আমাদের শেখায় কীভাবে অন্ধকারে আলো জ্বালাতে হয়, অন্যের জ্বালানো আলোয় চোখ বন্ধ করে হাঁটতে নয়।
বই আপনাকে তথ্য দেবে। কিন্তু তথ্যের পাহাড়ে চাপা পড়ে যাওয়া এই যুগে, কোন তথ্যটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা আলাদা করার চোখটাই আসল শিক্ষা। আর সেই চোখের নামই হলো বিজ্ঞানমনস্কতা।
লিখেছেন:
আল মামুন রিটন
সম্পাদক, বিজ্ঞান তথ্য
