
মহাবিশ্বের শূন্যস্থান বা ভ্যাকুয়াম আসলে ফাঁকা কোনো জায়গা নয়, আসলে এটি মূলত বিভিন্ন শক্তির স্তর বা উপত্যকায় সাজানো একটি পটভূমি। পদার্থবিজ্ঞানের হিসাবে, সবচেয়ে গভীর উপত্যকাটি হলো “ট্রু ভ্যাকুয়াম” (True Vacuum), আর অপেক্ষাকৃত কম গভীর উপত্যকাগুলোকে বলা হয় “ফলস ভ্যাকুয়াম” (False Vacuum)।
হিগস ক্ষেত্রের মতো মৌলিক ক্ষেত্রগুলো কোটি কোটি বছর ধরে সম্ভবত এমনই একটি ফলস ভ্যাকুয়ামে অবস্থান করছে। প্রচলিত কোয়ান্টাম বলবিদ্যা অনুযায়ী, ক্ষেত্রগুলোর পক্ষে শক্তির এই বাধা ভেদ করে নিচে টানেলিং করার সুযোগ থাকে। এমনটি ঘটলে পদার্থের পরিচিত সব ভৌত ধর্ম ও মৌলিক বলের ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হতো।
তবে সাম্প্রতিক একটি তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, বাস্তবতা হয়তো ততটা ভঙ্গুর নয়। পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক দল (রবসন ক্রিস্টি, জেও জু, গ্রেগ ক্যাপলানেক, ভিনসেন্ট ভেনিন ও ডেভিড ওয়ান্ডস) জার্নাল অব কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকল ফিজিক্সে দেখিয়েছেন, প্রকৃতির কোনো ক্ষেত্রই কখনো বিচ্ছিন্ন দ্বীপে বাস করে না। পারিপার্শ্বিক পরিবেশ ও অন্যান্য কণার সাথে অবিরাম মিথস্ক্রিয়াই এই টানেলিং প্রক্রিয়াকে কার্যত আটকে রাখে। গবেষকরা একে নাম দিয়েছেন ‘কসমিক লকডাউন’।
এর পেছনে কাজ করছে কোয়ান্টাম বিজ্ঞানের একটি পরিচিত ধর্ম হলো ডিকোহেরেন্স এবং কোয়ান্টাম জেনো প্রভাব। যখন একটি ব্যবস্থা বাইরের পরিবেশের সাথে অনবরত শক্তি ও তথ্যের লেনদেন করে, তখন পরিবেশ যেন তাকে নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে চলে। আর তীব্র পর্যবেক্ষণের মুখে কোনো কোয়ান্টাম ব্যবস্থা সহজে তার রূপ বা অবস্থান বদলাতে পারে না। ফলে ক্ষেত্রটি তার বর্তমান ফলস ভ্যাকুয়ামেই শক্তভাবে আটকে থাকে।
অবশ্য গবেষকরা স্পষ্ট করেছেন, এটি কোনো নিরেট অলৌকিক দেওয়াল নয়। তাদের কাজটি হিগস ক্ষেত্রের পূর্ণাঙ্গ রূপ নয়, এটি একটি প্রাথমিক ও সরলীকৃত হিসাব। তাছাড়াও এটি টানেলিংকে তাত্ত্বিকভাবে পুরোপুরি শূন্য করে না, বরং বাস্তবে ঘটার সম্ভাবনাকে এতখানি কমিয়ে দেয় যা মহাজাগতিক সময়ের হিসেবেও নগণ্য।
ব্যক্তিগতভাবে এই আবিষ্কারটি আমাকে একটি সহজ সত্যের কথা মনে করিয়ে দেয় এটাই যে: “মহাবিশ্বে কোনো উপাদানই পুরোপুরি নিঃসঙ্গ নয়, আর প্রকৃতির এই অবিচ্ছেদ্য সংযোগই হয়তো আমাদের শান্তিতে টিকিয়ে রেখেছে।”
