রহস্য

জাফলংয়ের রহস্যময় পাথর: সৃষ্টি ও ইতিহাসের বিজ্ঞান

জনশ্রুতি, ধর্মীয় বিশ্বাস ও ভূতাত্ত্বিক ব্যাখ্যায় জাফলংয়ের বিশাল পাথরের রহস্য।

জাফলংয়ের এই পাথরকে ঘিরে আছে অনেক জনশ্রুতি। মুসলিম জনশ্রুতি অনুযায়ী, এটি একটি মসজিদ, যা কালক্রমে পাথরে পরিণত হয়েছে। আবার অনেকের মতে, এটি ধর্ম প্রচারে আসা এক পীরের কবর।

হিন্দু জনশ্রুতি অনুযায়ী, এটাই মহাদেব (শিবের) আরেক রূপ। তিনি এখানে পাথররূপে অবস্থান করছেন।

বিজ্ঞান বলছে, এটি বেলেপাথর। লক্ষ লক্ষ বছর আগে জাফলং তথা সমগ্র সিলেট সমুদ্র ছিল।

বছরের পর বছর ধরে কাদা, বালি, পলি ও পাথরকণা জমা হতে হতে এই বিশাল পাথরের সৃষ্টি হয়েছে। আগে আমরা পাথরের নিচে যেতাম। কড়াকড়ি নিষেধাজ্ঞা ছিল না। এখন দুই দেশের সীমান্তরক্ষীরা বাধা দেন। তাই ১০০ থেকে ২০০ ফুট দূর থেকেই দেখতে হয়।

লক্ষ লক্ষ বছরে পৃথিবীর অভ্যন্তরীণ তাপ, চাপ, বাতাস ও পানির প্রভাবে তৈরি হয় পাথর। বড় বড় পাথর রোদ, বৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা ও বাতাসের প্রভাবে ভেঙে ছোট পাথরে পরিণত হয়। একই প্রক্রিয়ায় ছোট ছোট পাথর একত্রিত হয়ে লক্ষ লক্ষ বছরে বড় পাথরেও রূপান্তরিত হয়।

পৃথিবীর অভ্যন্তরীণ ম্যাগমা ও আগ্নেয়গিরির গলিত লাভা ঠান্ডা হয়ে পাথরে রূপান্তরিত হয়। যেমন: ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি।

নদী, বাতাস বা সমুদ্রের স্রোতে বালি, কাদা ও ছোট ছোট পাথরের টুকরো এক জায়গায় জমা হয়। হাজার হাজার বছর ধরে চাপের ফলে এগুলো জমাট বেঁধে পাথরে পরিণত হয়। যেমন: বেলেপাথর, চুনাপাথর। সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের নদীর পাথরগুলো মূলত পাহাড় থেকে ভেঙে নেমে আসা টুকরো, যেগুলো স্রোতের সঙ্গে ঘষা খেয়ে গোল হয়েছে।

আগের কোনো পাথরের ওপর প্রচণ্ড তাপ ও চাপ পড়লে তার গঠন বদলে নতুন ধরনের পাথর তৈরি হয়। যেমন: চুনাপাথর থেকে মার্বেল, বেলেপাথর থেকে কোয়ার্টজাইট। আবার মহাকাশ থেকেও উল্কা আকারে পৃথিবীতে পাথর পতিত হয়।

মহাকাশে তো পানি নেই, তাহলে পাথর সৃষ্টি হয় কীভাবে?

সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে যখন কোনো নক্ষত্রের মৃত্যু হয়, তখন সেই নক্ষত্র থেকে ছিটকে বেরিয়ে আসা পদার্থ থেকে পাথরের উপাদান তৈরি হয়।

এ ছাড়া মহাকাশে লক্ষ লক্ষ বছর ধরে ঘুরে বেড়ানো ধূলিকণা ও অন্যান্য পদার্থ গ্রহ বা নক্ষত্রের মহাকর্ষীয় আকর্ষণে একত্রিত হয়ে পাথুরে বস্তুতে রূপান্তরিত হয়।

লিখেছেন: আহমেদ ফয়েজ
উপদেষ্টা, বিজ্ঞান তথ্য

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button