মহাবিশ্ব

তিন গ্যালাক্সির মহাজাগতিক সমাবেশ

NGC 7764A: স্টার ট্রেকের মহাকাশযানের মতো তিন গ্যালাক্সি

মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যা কল্পবিজ্ঞানের গল্পকেও বাস্তব বলে মনে করিয়ে দেয়। নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার হাবল স্পেস টেলিস্কোপে ধারণ করা এমনই একটি ছবিতে দেখা গেছে তিনটি গ্যালাক্সির অদ্ভুত সমাবেশ। এদের সম্মিলিত নাম NGC 7764A। ছবির দুটি গ্যালাক্সির বিন্যাস জনপ্রিয় কল্পবিজ্ঞান সিরিজ স্টার ট্রেক-এর বিখ্যাত মহাকাশযান ইউএসএস এন্টারপ্রাইজের কথা মনে করিয়ে দেয়।

হাবল টেলিস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা ফর সার্ভে এবং ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩ ব্যবহার করে ছবিটি ধারণ করা হয়েছে। এতে ওপরের ডান দিকে থাকা দুটি গ্যালাক্সিকে পরস্পরের সঙ্গে মহাকর্ষীয় মিথস্ক্রিয়ায় জড়িত বলে মনে হচ্ছে। তাদের চারপাশে ছড়িয়ে থাকা দীর্ঘ নক্ষত্র ও গ্যাসের প্রবাহ এই মিথস্ক্রিয়ার চিহ্ন। ছবির নিচের বাঁ দিকে থাকা তৃতীয় গ্যালাক্সিটি দেখতে অনেকটা বোলিং বলের মতো। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সেটির ধাক্কায় বাকি দুটি গ্যালাক্সি ছিটকে গিয়ে এমন আকৃতি পেয়েছে। তবে বাস্তবে গ্যালাক্সির পারস্পরিক মিথস্ক্রিয়া অত্যন্ত দীর্ঘ সময় ধরে ঘটে। এ ধরনের ঘটনা সাধারণত সরাসরি মুখোমুখি সংঘর্ষের মতো নয়।

তৃতীয় গ্যালাক্সিটি বাকি দুটির সঙ্গে একই মিথস্ক্রিয়ায় যুক্ত কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে মহাকাশে তাদের অবস্থান তুলনামূলক কাছাকাছি হওয়ায় এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

NGC 7764A পৃথিবী থেকে প্রায় ৪২৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে ফিনিক্স নক্ষত্রমণ্ডলে অবস্থিত। তিনটি গ্যালাক্সির পৃথক নাম NGC 7764A1, NGC 7764A2 এবং NGC 7764A3। এই নামকরণ কিছুটা জটিল মনে হলেও এর পেছনে রয়েছে জ্যোতির্বিজ্ঞানের পুরোনো ক্যাটালগ তৈরির ইতিহাস। এক শতাব্দীরও বেশি আগে এসব তালিকা তৈরি হয়েছিল, যখন বৈজ্ঞানিক তথ্য সংরক্ষণ ও নামকরণের আধুনিক পদ্ধতি এত উন্নত ছিল না। ফলে মহাবিশ্বের অনেক বস্তুর একাধিক নাম রয়েছে, আবার কিছু বস্তুর নাম এতটাই কাছাকাছি যে সেগুলো নিয়ে বিভ্রান্তিও তৈরি হতে পারে।

আমার কাছে এই মহাজাগতিক ছবির বিশেষত্ব এটাই যে, কীভাবে মানুষের কাছে পরিচিত একটি কাল্পনিক মহাকাশযানের আকৃতি তুলে ধরেছে, সেটিও।

তথ্যসূত্র: নাসা সাইন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button