
আর্টেমিস-২ মিশনের চারজন মহাকাশচারী গত এপ্রিলে চাঁদের কাছাকাছি উড়ে গিয়েছিলেন। পাঁচাশ বছরেরও বেশি সময় পর প্রথমবার মানুষ চাঁদের এত কাছে পৌঁছেছিল। মিশনের ছয় মাস পর এখন তাদের পর্যবেক্ষণের বৈজ্ঞানিক মূল্য স্পষ্ট হয়ে উঠছে।
৭ অক্টোবর প্রকাশিত প্রথম বৈজ্ঞানিক ফলাফলে দেখা গেছে, চাঁদের রং, পৃষ্ঠের গঠন এবং ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাতের মতো বিষয়গুলোতে মানুষের চোখ ক্যামেরার চেয়েও বেশি তথ্য দিতে পারে। নাসার বিজ্ঞানীরা বলেছেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতের চন্দ্র মিশনে আরও বেশি বিজ্ঞান আদায়ের জন্য গুরুত্বপূর্ণ পাঠ দিয়েছে।
মহাকাশচারীরা রেইড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন চাঁদের কাছাকাছি প্রায় সাত ঘণ্টা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করেছেন। তারা চাঁদের রং ও গঠন বর্ণনা করেছেন এবং মহাকাশ থেকে সূর্যগ্রহণ দেখেছেন।
সবচেয়ে মূল্যবান তথ্য এসেছে তাদের কথা ও লেখার মাধ্যমে। উৎক্ষেপণের আগে তারা চাঁদের ভূতত্ত্ব ও পর্যবেক্ষণের প্রশিক্ষণ নিয়েছিলেন। ফ্লাইবাইয়ের সময় দুইজন মিশন কন্ট্রোলের সঙ্গে কথা বলে নিয়মিত আপডেট দিয়েছেন। অন্য দুইজন নিজেদের পর্যবেক্ষণ রেকর্ড করেছেন এবং ট্যাবলেটে চাঁদের মানচিত্রে নোট ও স্কেচ করেছেন।
ক্রিস্টিনা কোচ ওরিয়েন্টেল অববাহিকার একটি দ্রুত স্কেচ এঁকেছিলেন, যেখানে তিনি বিভিন্ন স্তর ও গঠনের পার্থক্য দেখিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, স্কেচ দ্রুত ও সূক্ষ্ম তথ্য ধরে রাখতে সাহায্য করে।
সূর্যগ্রহণের ৫৪ মিনিটের সময় তারা সৌর করোনা, আন্তঃগ্রহ ধুলো এবং অন্যান্য নক্ষত্র-গ্রহ দেখেছিলেন। পৃথিবী যখন চাঁদের পেছন থেকে উঠে এসেছিল, তখন গ্লোভার ও কোচ কিছুক্ষণ শুধু “ও মাই গশ!” বলে বিস্ময় প্রকাশ করেছিলেন।
গ্রহণের সময় মহাকাশচারীরা পাঁচটি আঘাতের ঝলক দেখেছিলেন, ক্ষুদ্র পাথরের চাঁদে আঘাতের চিহ্ন। হ্যানসেন বলেছিলেন, এটি উল্কার মতো নয়, শুধু একটা ছোট আলোকবিন্দু।
বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, এই পাথরগুলো প্রায় ৮.৫ গ্রাম ওজনের এবং ৪.৫ সেন্টিমিটারের মতো—গল্ফ বলের আকারের। এগুলো এখন পর্যন্ত চোখে দেখা সবচেয়ে ছোট উল্কাপিণ্ডের আঘাত বলে মনে করা হচ্ছে। এ ধরনের আঘাতে তৈরি গর্ত এক মিটারেরও ছোট, যা কক্ষপথের ক্যামেরায় ধরা পড়ে না।
ভবিষ্যতের মিশনের জন্য এটি সুখবর। আর্টেমিস-৪ (২০২৮ সালে পরিকল্পিত) দুই সপ্তাহের পৃষ্ঠ মিশনে বিপজ্জনক আঘাতের সম্ভাবনা ১ কোটির মধ্যে একেরও কম। দীর্ঘমেয়াদি ঘাঁটির ক্ষেত্রে সম্ভাবনা একটু বেশি হলেও এখনও খুবই কম।
চাঁদের রং আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল। মানুষের চোখ ক্যামেরার চেয়ে ভালোভাবে রং ও উজ্জ্বলতার পার্থক্য ধরতে পারে। নীল রং টাইটানিয়ামসমৃদ্ধ আগ্নেয় শিলার সঙ্গে যুক্ত, বাদামি রং লোহার মাত্রা নির্দেশ করে এবং সবুজ রং আগ্নেয়গিরি বা উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কাচ থেকে আসে।
টার্মিনেটর অঞ্চল তাদের বিশেষভাবে মুগ্ধ করেছে। উইজম্যান বলেছিলেন, দূরবর্তী পৃষ্ঠ যতটা রুক্ষ মনে হয়, টার্মিনেটরে তা আরও অবিশ্বাস্যভাবে দেখায়। এই আলোকপাত ভবিষ্যতে দক্ষিণ মেরুতে অবতরণের সময় অনুরূপ হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
আর্টেমিস-২ থেকে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ এসেছে। ক্যামেরাগুলো উৎক্ষেপণের আগে ক্যালিব্রেট করা হয়নি, যা পরে সমস্যা তৈরি করেছে। ভবিষ্যতে মহাকাশচারীদের আরও ভালোভাবে বর্ণনামূলক নোট নেওয়ার প্রশিক্ষণ দিতে হবে, বিশেষ করে পৃষ্ঠে স্পেসস্যুট পরে লেখার সুযোগ থাকবে না।
বিজ্ঞানীরা বলছেন, এই তথ্য আগামী কয়েক দশক ধরে চাঁদ, সৌরজগত এবং পৃথিবী সম্পর্কে গবেষণায় কাজে লাগবে। আর্টেমিস-২ দেখিয়েছে, মানুষের চোখ ও মস্তিষ্ক চাঁদের অন্বেষণে অপরিহার্য হাতিয়ার।
তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও নাসা
