
আমরা প্রতিদিন অসংখ্য রং দেখি। লাল ফুল, সবুজ পাতা, নীল আকাশ কিংবা হলুদ সূর্যের আলো। সাধারণভাবে মনে হয়, প্রতিটি বস্তুর নিজস্ব একটি রং আছে এবং চোখ সেই রং দেখে মস্তিষ্কে পৌঁছে দেয়। কিন্তু বৈজ্ঞানিকভাবে বিষয়টি এত সরল নয়। রং আসলে আলোর কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য নয়। এটি চোখ ও মস্তিষ্কের সম্মিলিত কার্যক্রমে তৈরি হওয়া একটি দৃষ্টিগত অনুভূতি।
কোনো বস্তুর ওপর আলো পড়লে তার একটি অংশ শোষিত হয়, কিছু অংশ প্রতিফলিত হয় এবং কিছু ক্ষেত্রে আলো বস্তুর মধ্য দিয়ে চলে যায়। প্রতিফলিত বা সঞ্চালিত আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য চোখে পৌঁছায়। কিন্তু চোখ সেই তরঙ্গদৈর্ঘ্যকে সরাসরি লাল, নীল বা সবুজ হিসেবে শনাক্ত করে না। বরং রেটিনার বিশেষ আলোকসংবেদী কোষ আলোর তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করে রঙের অনুভূতি তৈরি করে।
এই প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে কোণ কোষ বা Cone Cells। মানুষের রেটিনায় সাধারণত তিন ধরনের কোণ কোষ থাকে। প্রতিটি ধরনের কোষ আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের প্রতি বেশি সংবেদনশীল। একটি স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলোতে, অর্থাৎ নীল অঞ্চলে বেশি সাড়া দেয়। অন্যটি মাঝারি তরঙ্গদৈর্ঘ্যের আলোতে, যা সবুজ অঞ্চলের কাছাকাছি। তৃতীয়টি দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলোতে বেশি সাড়া দেয়, যা লাল অঞ্চলের সঙ্গে সম্পর্কিত।
তবে এই তিন ধরনের কোণ কোষ তিনটি নির্দিষ্ট রং আলাদা করে দেখার জন্য তৈরি নয়। বরং প্রতিটি কোষ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে নির্দিষ্ট মাত্রায় সক্রিয় হয়। একই আলো তিন ধরনের কোষকে ভিন্ন ভিন্ন মাত্রায় উত্তেজিত করতে পারে। মস্তিষ্ক সেই সংকেতগুলোর পারস্পরিক অনুপাত বিশ্লেষণ করে রং নির্ধারণ করে।
এ কারণেই ভিন্ন বর্ণালীযুক্ত দুটি আলো চোখে একই রঙের অনুভূতি তৈরি করতে পারে। কারণ আলো দুটির প্রকৃত গঠন আলাদা হলেও তিন ধরনের কোণ কোষে সৃষ্ট প্রতিক্রিয়ার অনুপাত কাছাকাছি হতে পারে। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় মেটামেরিজম (Metamerism) বলা হয়। অর্থাৎ আমরা সব সময় আলোর প্রকৃত গঠন দেখি না, বরং চোখে তৈরি হওয়া সংকেতের ভিত্তিতে তার রং উপলব্ধি করি।
রং দেখার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেটিনা ও মস্তিষ্কের স্নায়বিক প্রক্রিয়াকরণ ব্যবস্থা। চোখ থেকে পাওয়া সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগে বিভিন্নভাবে তুলনা করা হয়। এই তুলনার মধ্যে প্রধান তিনটি ব্যবস্থা হলো : লাল ও সবুজের পার্থক্য, নীল ও হলুদের পার্থক্য এবং উজ্জ্বলতা ও অন্ধকারের পার্থক্য। এই ব্যবস্থাকে বলা হয় Opponent-Process Theory।
এই প্রক্রিয়ার কারণে আমরা সাধারণত একই স্থানে, একই সময়ে লাল ও সবুজের মিশ্র অনুভূতি কিংবা নীল ও হলুদের মিশ্র অনুভূতি পাই না। মস্তিষ্ক রঙের সংকেতগুলোকে বিপরীতধর্মী জোড়ায় বিশ্লেষণ করে। এর একটি পরিচিত উদাহরণ হলো আফটারইমেজ বা পরবর্তী চিত্রের অনুভূতি। দীর্ঘ সময় কোনো লাল বস্তুর দিকে তাকিয়ে থাকার পর সাদা বা নিরপেক্ষ পটভূমিতে তাকালে সবুজাভ আভা দেখা যেতে পারে। একইভাবে নীলের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর হলুদাভ অনুভূতি তৈরি হতে পারে। এর কারণ, নির্দিষ্ট রঙের প্রতি সাড়া দেওয়া স্নায়বিক ব্যবস্থার সাময়িক অভিযোজন।
রঙের অনুভূতি শুধু আলোর তরঙ্গদৈর্ঘ্য ও চোখের কোষের ওপর নির্ভর করে না। আশপাশের পরিবেশও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই রঙের একটি বস্তু ভিন্ন পটভূমিতে রাখলে দেখতে আলাদা মনে হতে পারে। আলোর উৎস, ছায়া, পার্শ্ববর্তী রং এবং পরিবেশের উজ্জ্বলতা আমাদের রঙের ধারণাকে প্রভাবিত করে।
তারপরও মানুষ সাধারণত বিভিন্ন আলোর পরিবেশে পরিচিত বস্তুর রং মোটামুটি একইভাবে চিনতে পারে। যেমন, দিনের প্রাকৃতিক আলোতে একটি লাল আপেল যেমন দেখায়, ঘরের হলুদাভ বৈদ্যুতিক আলোতেও সেটিকে আমরা লাল আপেল হিসেবেই শনাক্ত করি। আলোর পরিবর্তন সত্ত্বেও বস্তুর রং সম্পর্কে এই স্থিতিশীল ধারণাকে বলা হয় কালার কনস্ট্যান্সি (Color Constancy)। মস্তিষ্ক পরিবেশের আলো ও বস্তুর বৈশিষ্ট্য বিবেচনা করে রঙের এই সামঞ্জস্য বজায় রাখে।
তবে এই ব্যবস্থা সব সময় একইভাবে কাজ করে না। আলোর উৎস সম্পর্কে মানুষের ধারণা ভিন্ন হলে একই দৃশ্যের রংও ভিন্ন মনে হতে পারে। ২০১৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি পোশাকের ছবি এর উল্লেখযোগ্য উদাহরণ। ছবিটি দেখে কেউ পোশাকটিকে নীল ও কালো, আবার কেউ সাদা ও সোনালি বলে মনে করেছিলেন। মূলত ছবির আলোর উৎস ও ছায়া সম্পর্কে মস্তিষ্কের ভিন্ন ব্যাখ্যার কারণেই এই পার্থক্য তৈরি হয়েছিল।
মানুষের রং দেখার ক্ষমতা জন্মের পরপরই সম্পূর্ণ বিকশিত হয় না। নবজাতকের দৃষ্টিশক্তি ধীরে ধীরে পরিণত হয়। রেটিনার কোণ কোষ, স্নায়বিক সংযোগ এবং মস্তিষ্কের দৃষ্টিসংক্রান্ত অঞ্চলগুলোর বিকাশের সঙ্গে সঙ্গে রং শনাক্ত করার ক্ষমতাও উন্নত হয়।
ব্যক্তিভেদেও রং দেখার ক্ষমতায় পার্থক্য রয়েছে। অনেক মানুষের জন্মগতভাবে লাল ও সবুজ রং আলাদা করতে সমস্যা হয়। একে সাধারণভাবে লাল-সবুজ বর্ণান্ধতা বলা হয়। বয়স বাড়ার সঙ্গে চোখের লেন্সে পরিবর্তন আসে। লেন্স ধীরে ধীরে হলুদাভ হয়ে যাওয়ায় নীল আলোর প্রতি সংবেদনশীলতা কমতে পারে। এ ছাড়া ছানি বা ম্যাকুলার ডিজেনারেশনের মতো চোখের রোগও রঙের স্বাভাবিক অনুভূতিতে পরিবর্তন আনতে পারে।
সব মিলিয়ে রং দেখার অভিজ্ঞতা একটি জটিল জৈবিক প্রক্রিয়ার ফল। বস্তু আলোকে প্রভাবিত করে, চোখের কোণ কোষ সেই আলোর তথ্য সংগ্রহ করে এবং মস্তিষ্ক সংকেতগুলোর তুলনা করে রঙের ধারণা তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয় পারিপার্শ্বিক আলো, পটভূমি এবং পূর্ববর্তী অভিজ্ঞতা।
অর্থাৎ, বাইরের জগতে আলো ও তার তরঙ্গদৈর্ঘ্যের বাস্তব অস্তিত্ব থাকলেও রঙের অনুভূতি তৈরি হয় আমাদের দৃষ্টিব্যবস্থার ভেতরে। আমরা যে পৃথিবীকে নানা রঙে দেখি, তা কেবল বস্তুর বৈশিষ্ট্যের প্রতিফলন নয়; বরং চোখ ও মস্তিষ্কের সম্মিলিতভাবে তৈরি করা এক বাস্তবসম্মত দৃষ্টিগত অভিজ্ঞতা।
লিখেছেন:
আল মামুন রিটন
সম্পাদক, বিজ্ঞান তথ্য
