
মহাবিশ্ব সম্পর্কে কোনো বৈজ্ঞানিক তথ্য নিজের বিশ্বাসের সঙ্গে না মিললে আমরা কী করি? তথ্যটির প্রমাণ যাচাই করি, নাকি সেটিকে প্রত্যাখ্যান করার জন্য অজুহাত খুঁজি? এই প্রশ্নের উত্তর আমাদের যুক্তিবোধের একটি মৌলিক দুর্বলতা সামনে আনে: অনেক সময় আমরা সত্য যাচাইয়ের চেয়ে নিজের বিশ্বাস রক্ষা করতে বেশি আগ্রহী থাকি।
এর একটি পরিচিত উদাহরণ হলো, কোনো বৈজ্ঞানিক তথ্য পছন্দের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হলে সেটিকে এআই দিয়ে তৈরি বলে উড়িয়ে দেওয়া। কিন্তু কোনো তথ্য এআই তৈরি করেছে কি না, আর তথ্যটি সত্য কি না, তা দুটি আলাদা প্রশ্ন। প্রথমটি তথ্যের উৎস নিয়ে, দ্বিতীয়টি তার যথার্থতা নিয়ে।
ধরা যাক, কেউ মহাবিশ্বের বয়স সম্পর্কে একটি বৈজ্ঞানিক তথ্য দিলেন। তথ্যটি নিজের বিশ্বাসের সঙ্গে মিলছে না বলে আরেকজন দাবি করলেন, এটি এআইয়ের বানানো। কিন্তু তিনি যদি তথ্যটির উৎস, গবেষণা বা প্রমাণ যাচাই না করেন, তাহলে তাঁর বক্তব্য তথ্যটিকে ভুল প্রমাণ করে না। তিনি শুধু এর উৎপত্তি নিয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগটি সত্য হলেও তথ্যটি মিথ্যা হয়ে যায় না।
একইভাবে, কোনো তথ্য মানুষ লিখেছেন বলেই তা সত্য হয়ে যায় না। মানুষও ভুল করে, ভুল ব্যাখ্যা দেয়, এমনকি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। এআইও ভুল করতে পারে। তাই তথ্যের সত্যতা নির্ধারণে লেখক বা প্রযুক্তির পরিচয় একমাত্র মাপকাঠি হতে পারে না। দেখতে হবে, দাবিটির পক্ষে কী প্রমাণ আছে এবং সেই প্রমাণ কতটা নির্ভরযোগ্য।
এআই শনাক্ত করার জন্য বিভিন্ন পদ্ধতি ও প্রযুক্তি রয়েছে। তবে কোনো শনাক্তকারী ব্যবস্থাই সব ক্ষেত্রে নির্ভুল নয়। কোনো লেখা এআই দিয়ে তৈরি বলে শনাক্ত হলেই সেটি নিশ্চিতভাবে এআইয়ের লেখা, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। আবার এআই দিয়ে লেখা হয়েছে বলে কোনো বক্তব্যকে মিথ্যা বলারও যুক্তি নেই। তথ্যের উৎস যাচাই করা দরকার, কিন্তু উৎসের পরিচয় দিয়ে সত্য-মিথ্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না।
বিজ্ঞানের পদ্ধতিও এ কারণেই আলাদা। মহাবিশ্বের বয়স, পৃথিবীর উৎপত্তি কিংবা প্রকৃতির বিভিন্ন ঘটনা সম্পর্কে বৈজ্ঞানিক সিদ্ধান্ত ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে নেওয়া হয় না। পর্যবেক্ষণ, পরিমাপ, গাণিতিক বিশ্লেষণ, গবেষণা এবং স্বাধীনভাবে ফলাফল যাচাই করার সুযোগের ওপর এসব সিদ্ধান্ত নির্ভর করে। নতুন প্রমাণ পুরোনো সিদ্ধান্তের দুর্বলতা দেখালে বিজ্ঞান সেই সিদ্ধান্ত সংশোধন করতে পারে। কোনো দাবিকে প্রশ্ন করার সুযোগ যেমন বিজ্ঞানে আছে, তেমনি প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রমাণের মুখোমুখি হওয়ার বাধ্যবাধকতাও আছে।
অন্যদিকে, নিজের বিশ্বাসের সঙ্গে মেলে এমন তথ্য গ্রহণ করা এবং বিপরীত তথ্যকে যথাযথ যাচাই ছাড়াই প্রত্যাখ্যান করার প্রবণতাকে মনোবিজ্ঞানে confirmation bias বা নিশ্চিতকরণ পক্ষপাত বলা হয়। এটি শুধু ধর্মীয় বা দার্শনিক বিশ্বাসের ক্ষেত্রে দেখা যায় না; রাজনীতি, সামাজিক সম্পর্ক এবং দৈনন্দিন সিদ্ধান্তেও দেখা যায়। নিজের ধারণার পক্ষে থাকা প্রমাণকে বেশি গুরুত্ব দেওয়া, অথচ বিপরীত প্রমাণকে এড়িয়ে যাওয়া—এই প্রবণতা আমাদের বিচারকে প্রভাবিত করতে পারে।
এর পেছনে একটি স্বাভাবিক মানসিক কারণও আছে। দীর্ঘদিনের বিশ্বাসের সঙ্গে মানুষের পরিচয়, আবেগ ও অভিজ্ঞতা জড়িয়ে থাকে। সেই বিশ্বাস ভুল হতে পারে, এমন সম্ভাবনা মেনে নেওয়া অস্বস্তিকর। তাই কখনো কখনো নিজের ধারণা সংশোধন করার বদলে নতুন তথ্যটির ওপর সন্দেহ করাই সহজ মনে হয়। কিন্তু কোনো বিশ্বাস ধরে রাখতে আমাদের মানসিক স্বস্তি লাগতে পারে বলে সেটি সত্য হয়ে যায় না।
এখানেই যুক্তিনির্ভর চিন্তার পরীক্ষা। আমরা কি নিজের পছন্দের দাবিটির ক্ষেত্রেও একই কঠোরতা প্রয়োগ করছি, যা বিপরীত দাবিটির ক্ষেত্রে করি? নিজের বিশ্বাসের পক্ষে দুর্বল প্রমাণ পেলেও কি তা গ্রহণ করছি, অথচ বিপরীত মতের পক্ষে শক্ত প্রমাণ থাকলেও তা প্রত্যাখ্যান করছি? যদি তা-ই হয়, তাহলে সমস্যা শুধু তথ্যের নয়; আমাদের বিচারপদ্ধতিতেও সমস্যা আছে।
বিশ্বাসের সত্যতা যাচাই করার কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। নিজের ধারণা সঠিক কি না, তা বুঝতে হলে জ্ঞান বাড়াতে হয়, যুক্তি পরীক্ষা করতে হয় এবং বিপরীত প্রমাণ বিবেচনা করতে হয়। এআই শনাক্ত করার প্রযুক্তি তৈরি করা সম্ভব, কিন্তু নিজের পক্ষপাত শনাক্ত করার ক্ষেত্রে মানুষকে নিজের বিচারবোধের ওপরই কাজ করতে হয়। নিজের ভুল হওয়ার সম্ভাবনা স্বীকার করা এই প্রক্রিয়ার শুরু।
এর অর্থ এই নয় যে, প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রশ্ন করা যাবে না। বরং বিজ্ঞানকে প্রশ্ন করা উচিত, তবে প্রশ্নের সঙ্গে প্রমাণও থাকতে হবে। কোনো গবেষণার পদ্ধতি, তথ্যের নির্ভুলতা কিংবা সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আপত্তি থাকলে তা নির্দিষ্টভাবে দেখানো দরকার। শুধু কোনো ফলাফল নিজের বিশ্বাসের সঙ্গে মেলে না, কিংবা সেটি এআই দিয়ে উপস্থাপন করা হয়েছে—এগুলো কোনো বৈজ্ঞানিক দাবিকে ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট নয়।
তথ্য যাচাইয়ের সময় তাই তিনটি বিষয় আলাদা করে দেখা দরকার: তথ্যটি কোথা থেকে এসেছে, দাবিটির পক্ষে কী প্রমাণ আছে এবং সেই প্রমাণ থেকে সিদ্ধান্তটি যৌক্তিকভাবে আসে কি না। এই তিনটি প্রশ্নের উত্তর না খুঁজে শুধু উৎস বা উপস্থাপনার ধরন নিয়ে আপত্তি তুললে সত্যতা যাচাই হয় না।
শেষ পর্যন্ত, সত্যের প্রতি দায়বদ্ধতা মানে নিজের বিশ্বাস ত্যাগ করা নয়; বরং প্রমাণের ভিত্তিতে সেই বিশ্বাসকে যাচাই করতে প্রস্তুত থাকা। কোনো তথ্য পছন্দের বিশ্বাসের সঙ্গে মিললে যেমন তার প্রমাণ পরীক্ষা করা দরকার, না মিললেও একই কাজ করতে হবে। কারণ, সত্য কোনো তথ্য কে বলেছে বা সেটি আমাদের ভালো লাগছে কি না, তার ওপর নির্ভর করে না।
নিজের বিশ্বাস দিয়ে সত্যকে বিচার করা সহজ। কিন্তু সত্যের ভিত্তিতে নিজের বিশ্বাসকে বিচার করতে পারাই যুক্তিবোধের আসল পরীক্ষা।
লিখেছেন:
আল মামুন রিটন
সম্পাদক, বিজ্ঞান তথ্য
