
১৯৭৬ সালের জুলাই মাসে নাসার ভাইকিং-১ অরবিটার মঙ্গলের Cydonia অঞ্চলের কয়েকটি ছবি তোলে। ছবিগুলোর একটিতে দেখা যায়, মঙ্গলের পৃষ্ঠে একটি পাহাড়ের গঠন দেখতে অনেকটা মানুষের মুখের মতো। এই ভূপ্রকৃতিটি পরে পরিচিত হয়ে ওঠে ফেস অন মার্স বা মঙ্গলের মুখ নামে। অনেকে একে মার্টিয়ান স্ফিংস’ও বলেন।
ছবিটি প্রকাশের পর মানুষের মধ্যে নানা জল্পনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, এটি মঙ্গলে বসবাসকারী কোনো প্রাচীন সভ্যতার তৈরি বিশাল ভাস্কর্য। তাঁদের ধারণা, ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীরা নিজেদের অস্তিত্বের চিহ্ন হিসেবে মানুষের মুখের আদলে এটি তৈরি করেছিল।
কিন্তু ছবিটি তোলার সময় সূর্যের অবস্থান, পাহাড়ের আকৃতি এবং ছবির নিম্ন রেজল্যুশন মিলিয়ে এমন একটি দৃশ্য তৈরি হয়েছিল, যা মানুষের মুখ বলে মনে হচ্ছিল। নাসার বিজ্ঞানী জেরি সোফেনও আলো ও ছায়ার কারণে মানুষের চোখ কীভাবে বিভ্রান্ত হতে পারে, তা নিয়ে মন্তব্য করেছিলেন।
২০০১ সালে মার্স গ্লোবাল সার্ভেয়ার মহাকাশযান একই অঞ্চলের আরও স্পষ্ট ছবি তোলে। নতুন ছবিতে দেখা যায়, কথিত মুখটি আসলে একটি প্রাকৃতিক পাহাড় বা মেসা—সমতল চূড়া ও খাড়া ঢালবিশিষ্ট ভূপ্রকৃতি। সেখানে মানুষের মুখের মতো কোনো সুস্পষ্ট কাঠামো নেই।
মঙ্গলের অন্যান্য ছবিতেও এমন অনেক আকৃতির দেখা মিলেছে, যেগুলো পৃথিবীর পরিচিত বস্তুর সঙ্গে মিলে যায়। কোথাও ভালুকের মুখ, কোথাও দেবদূতের অবয়ব, কোথাও হৃদয়ের মতো আকৃতি, আবার কোথাও মাকড়সার জালের মতো নকশা দেখা যায়। এমনকি জনপ্রিয় শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান The Muppets-এর চরিত্র কারমিট দ্য ফ্রগের মতো আকৃতিও চোখে পড়েছে।
এসব আকৃতি কোনো প্রাচীন সভ্যতার অস্তিত্বের প্রমাণ নয়। বরং এগুলো দেখায়, মানুষের মস্তিষ্ক এলোমেলো বা অস্পষ্ট দৃশ্যের মধ্যেও পরিচিত অবয়ব খুঁজে নিতে পারে। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় Pareidolia।
মঙ্গলে অতীতে প্রাণের অস্তিত্ব ছিল কি না, কিংবা সেখানে কখনো অণুজীবের জন্ম হয়েছিল কি না, তা এখনো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্ন। কিন্তু একটি পাহাড়কে মানুষের মুখের মতো দেখালেই সেখানে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব প্রমাণিত হয় না। এমন দাবির জন্য প্রয়োজন স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ।
মঙ্গলের মুখ আমাদের শিক্ষা দেয়: কোনো কিছু দেখতে যেমন মনে হয়, বাস্তবে সেটি তেমন নাও হতে পারে। রহস্যের সমাধান করতে হলে কল্পনার পাশাপাশি প্রমাণকেও গুরুত্ব দিতে হয়।
