মনোবিজ্ঞান

বিশ্বাসের পক্ষে আনন্দ, বিপক্ষে ক্ষোভ: আমরা সত্য চাই, নাকি নিজের সঠিকতার প্রমাণ?

নিজের বিশ্বাসের পক্ষে কোনো কথা শুনলেই আমাদের খুবই ভালো লাগে। বিপক্ষে কিছু শুনলে আমাদের মেজাজ বিগড়ে যায়, আর অনেক সময় নিজের অবস্থান আরও শক্ত করে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। একই মানুষের মধ্যে এমন দুই রকম প্রতিক্রিয়া কেন হয়? আমি নিজেও লক্ষ করেছি, যে যুক্তি আমার মতের পক্ষে যায়, সেটি যাচাই করার কথা মনেই আসে না। বিপক্ষের যুক্তি পেলে আমি ততক্ষণে তার ফাঁক খুঁজতে শুরু করে দিই।

এর মূল কারণ হলো, আমরা সব বিশ্বাসকে নিছক ধারণা হিসেবে দেখি না। অনেক বিশ্বাসের সঙ্গে আমাদের আত্মপরিচয়, আত্মসম্মান ও মূল্যবোধ জড়িয়ে যায়। সে ক্ষেত্রে সমর্থন মনে হয় ব্যক্তিগত স্বীকৃতি, আর বিরোধিতা মনে হয় আক্রমণ।

মানুষ নিজেকে যুক্তিবাদী, নৈতিক বা বিচক্ষণ হিসেবে ভাবতে চায়। বিশ্বাসগুলো এই ছবির অংশ হয়ে উঠলে কোনো বিশ্বাসকে প্রশ্ন করা মানে নিজের বিচারবুদ্ধিকেও প্রশ্ন করা। কেউ যদি বছরের পর বছর একটি মতাদর্শ বা জীবনদর্শন অনুসরণ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেই মতের বিরোধিতা শুনে তাঁর মনে হতে পারে, এতদিনের সব সিদ্ধান্তই প্রশ্নের মুখে পড়েছে। তখন বিশ্বাস রক্ষা করা আর আত্মসম্মান রক্ষা করা প্রায় একই কাজ হয়ে দাঁড়ায়।

এই আচরণ ব্যাখ্যা করতে তিনটি ধারণা কাজে লাগানো যেতে পারে:

নিশ্চিতকরণ পক্ষপাত: আমরা এমন তথ্য সহজে মেনে নিই, যা আগের বিশ্বাসের সঙ্গে মেলে। উল্টো তথ্য এলে বেশি প্রশ্ন তুলি, দুর্বলতা খুঁজি। ফলে নিজের মতের পক্ষে দুর্বল যুক্তিকেও জোরালো মনে হয়, আর বিপক্ষের ভালো যুক্তিও যথেষ্ট গুরুত্ব পায় না।

জ্ঞানগত অসংগতি: নিজের বিশ্বাস সঠিক মনে করছি, অথচ সামনে এমন তথ্য, যা তাকে সন্দেহে ফেলছে। এই টানাপোড়েন অস্বস্তি তৈরি করে। কেউ তখন বিশ্বাস সংশোধন করেন, কেউ তথ্যের ব্যাখ্যা বদলে ফেলেন, কেউ তথ্যটিকেই অগ্রাহ্য করেন।

সামাজিক পরিচয়: বিশ্বাস প্রায়ই পরিবার, সম্প্রদায় বা রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে বাঁধা থাকে। তখন একটি মতের বিরোধিতা পুরো গোষ্ঠীর বিরোধিতা মনে হয়। যুক্তির চেয়ে দলীয় আনুগত্য সেখানে বড় হয়ে ওঠার ঝুঁকি থাকে।

এগুলো সবার ওপর সমান কাজ করে না। অভিজ্ঞতা, আত্মবিশ্বাস, পরিবেশ এবং ভুল স্বীকার করার মানসিক প্রস্তুতির ওপর প্রভাব নির্ভর করে।

সক্রেটিসের পদ্ধতিতে প্রশ্ন করে কোনো ধারণার ভিত্তি যাচাই করা হতো। সেখানে নিজের বক্তব্যের অসংগতি ধরা পড়া পরাজয় নয়, বরং নিজের অজ্ঞতা বোঝার সুযোগ। অর্থাৎ বিশ্বাসকে আন্তরিকভাবে ধারণ করা আর তাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা এক জিনিস নয়।

স্টোইক দার্শনিক এপিকটিটাস মনে করিয়ে দেন, ঘটনা আর ঘটনা সম্পর্কে আমাদের বিচার আলাদা। কেউ আমার বিশ্বাসের বিরোধিতা করেছেন, এটি ঘটনা। তিনি আমাকে অপমান করতে চান, এটি আমার ব্যাখ্যা, যা ভুলও হতে পারে। পার্থক্যটা ধরতে পারলে আবেগের তীব্রতা কমে আসে।

বার্ট্রান্ড রাসেল দেখিয়েছেন, কোনো বিশ্বাসে দৃঢ় আস্থা থাকা আর তার পক্ষে যথেষ্ট প্রমাণ থাকা এক কথা নয়। নিজের ধারণাকে ভালোবেসেও তার ভুল হওয়ার সম্ভাবনা মেনে নেওয়া বুদ্ধিবৃত্তিক সততার অংশ।

মত বদলাতে গেলে পরিচিত ধারণা, পুরোনো সিদ্ধান্ত এবং আত্মপরিচয় নতুন করে ভাবতে হয়। মানুষ স্বাভাবিকভাবেই মানসিক স্থিতি চায়, তাই চেনা বিশ্বাস আঁকড়ে থাকা অনেক সময় নতুন তথ্য মেনে নেওয়ার চেয়ে সহজ মনে হয়।

তবে সবাই সব সময় বিশ্বাস রক্ষায় ব্যস্ত থাকে, তা নয়। অনেকে বিপরীত মত থেকে শেখেন, অবস্থান শোধরান এবং বিষয়টি আগের চেয়ে ভালো বোঝেন। পার্থক্য গড়ে দেয় কৌতূহল, আত্মবিশ্বাস আর ভুলকে স্বাভাবিকভাবে নেওয়ার ক্ষমতা।

আমার কাছে সবচেয়ে জরুরি কথা হলো, নিজের বিশ্বাসকে প্রশ্ন করতে পারা আত্মবিশ্বাসের অভাব নয়। একটি ধারণা ভুল প্রমাণিত হলেও নিজের মূল্য কমে না, এই উপলব্ধি থাকলে মানুষ অনেক বেশি স্বাধীনভাবে ভাবতে পারে।

কোনো বক্তব্য শুনে আবেগ উথলে উঠলে নিজেকে কয়েকটি প্রশ্ন করা যেতে পারে:-

– আমি কি বক্তব্যের কারণে রেগেছি, নাকি নিজেকে অপমানিত মনে করছি?
– এর কোন অংশ প্রমাণ দিয়ে যাচাই করা যায়?
– বিপরীত মতের কোনো অংশ কি সঠিক হতে পারে?
– কী ধরনের প্রমাণ পেলে আমি অবস্থান বদলাতে রাজি হব?

শেষ প্রশ্নটি সবচেয়ে কঠিন। যদি কোনো প্রমাণই আমাকে পুনর্বিবেচনায় রাজি করাতে না পারে, তাহলে বুঝতে হবে বিশ্বাসটি সত্য অনুসন্ধানের চেয়ে ব্যক্তিগত আনুগত্যের বিষয় হয়ে গেছে।

এর মানে এ নয় যে প্রতিটি বিরোধী মত মেনে নিতে হবে। সব মতের পক্ষে সমান প্রমাণ থাকে না, আর যুক্তিসংগত কারণে কোনো বক্তব্য প্রত্যাখ্যান করা যায়। শর্ত একটাই: প্রত্যাখ্যানের কারণ যেন শুধু এটুকু না হয় যে মতটি আমার বিশ্বাসের বিরোধী।

পরিণত চিন্তা মানে বিশ্বাসহীনতা নয়। বরং নিজের বিশ্বাস, নিজের পরিচয় এবং বাস্তব সত্যকে আলাদা করে দেখতে পারা। এমন মানুষ নিজের মতে দৃঢ় থেকেও অন্যের যুক্তি শোনেন, প্রমাণ যাচাই করেন এবং দরকারে অবস্থান বদলান।

আর এজন্যই শুধু “আমি কী বিশ্বাস করি” প্রশ্নটি যথেষ্ট নয়। আরও জরুরি প্রশ্ন হলো, কেন বিশ্বাস করি এবং কোন পরিস্থিতিতে সেই বিশ্বাস নতুন করে ভাবতে প্রস্তুত আছি। নিজেকে সঠিক প্রমাণিত দেখতে চাওয়া আর সত্য জানতে চাওয়া এক জিনিস নয়। দুটো ইচ্ছাই একজনের মধ্যে থাকে, কিন্তু সত্যের খোঁজে চললে দ্বিতীয়টিকেই বেশি প্রাধান্য দিতে হয়।

লিখেছেন:
আল মামুন রিটন
সম্পাদক, বিজ্ঞান তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button