
মহাকর্ষ বলের কারণে পৃথিবীতে কোনো বস্তু ওপর থেকে নিচে পড়ে। সূর্যের আকর্ষণে পৃথিবীসহ অন্যান্য গ্রহ কক্ষপথে ঘোরে। মহাবিশ্বের নক্ষত্র, গ্যালাক্সি ও বৃহৎ কাঠামো গঠনের পেছনেও মহাকর্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এই পরিচিত বলের আচরণ কি সব পরিস্থিতিতে একই থাকে? কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের দুটি গাণিতিক গবেষণা এমন এক সম্ভাবনার কথা সামনে এনেছে, যেখানে বিশেষ পরিস্থিতিতে মহাকর্ষ আকর্ষণের পরিবর্তে বিকর্ষণধর্মী প্রভাব তৈরি করতে পারে। বিষয়টি সত্যি প্রমাণিত হলে মহাকর্ষের কোয়ান্টাম প্রকৃতি বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে।
মহাকর্ষ সম্পর্কে আমাদের আধুনিক ধারণার ভিত্তি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। ১৯১৫ সালে প্রস্তাবিত এই তত্ত্ব অনুযায়ী, মহাকর্ষ কোনো সাধারণ টানার বল নয়। ভর ও শক্তির উপস্থিতিতে স্থানকাল (Spacetime) বেঁকে যায়। সেই বাঁকা স্থানকালের মধ্য দিয়ে বস্তু চলাচল করলে আমরা মহাকর্ষীয় প্রভাব অনুভব করি। সূর্যের ভর তার চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয় বলেই পৃথিবী তার চারপাশে কক্ষপথে ঘোরে। সাধারণ পরিস্থিতিতে এই মহাকর্ষীয় প্রভাব আকর্ষণধর্মী। কিন্তু কোয়ান্টাম জগতে পদার্থের আচরণ এতটা সরল নয়।
২০২৬ সালের ১৫ অক্টোবর Physical Review A জার্নালে গৃহীত একটি গবেষণায় পদার্থবিজ্ঞানী পাবলো এল সালদানহা, চিয়ারা মারলেত্তো ও ভ্লাতকো ভেদ্রাল দেখিয়েছেন, বিশেষ কোয়ান্টাম ব্যবস্থা তৈরি করা গেলে একটি ভরযুক্ত কণার মাধ্যমে অন্য একটি কণার ওপর কার্যকর বিকর্ষণধর্মী মহাকর্ষীয় প্রভাব তৈরি করা সম্ভব হতে পারে। তাঁদের গবেষণাপত্রের নাম Repulsive Gravitational Force as a Witness of the Quantum Nature of Gravity। গবেষণাটি প্রথম প্রকাশিত হয় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।
এই গবেষণার মূল ভিত্তি কোয়ান্টাম সুপারপজিশন (Quantum Superposition)। কোয়ান্টাম জগতে কোনো কণা পরিমাপের আগে একাধিক সম্ভাব্য অবস্থানের সমন্বয়ে থাকতে পারে। অর্থাৎ, একটি কণাকে এমন অবস্থায় রাখা সম্ভব, যেখানে তার অবস্থান সম্পর্কে একাধিক সম্ভাবনা একই সঙ্গে বিদ্যমান থাকে। গবেষকেরা একটি ভরযুক্ত সোর্স কণাকে এমন সুপারপজিশনে রাখার প্রস্তাব করেছেন, যাতে সেটি একই সময়ে দুটি ভিন্ন অবস্থানে থাকার কোয়ান্টাম বৈশিষ্ট্য প্রদর্শন করে।
এরপর ওই কণার মহাকর্ষীয় প্রভাব অন্য একটি প্রোব কণার ওপর পড়বে। সোর্স কণাটি দুটি সম্ভাব্য অবস্থানের যেকোনো একটিতে থাকলে প্রোব কণার ওপর মহাকর্ষীয় প্রভাবও আলাদা হবে। কিন্তু সুপারপজিশনের কারণে এই দুই অবস্থার প্রভাব কোয়ান্টামভাবে একসঙ্গে বিবেচিত হবে। এখানেই বিজ্ঞানীরা ব্যবহার করতে চান পোস্ট-সিলেকশন নামের একটি বিশেষ পরিমাপপদ্ধতি। এতে সোর্স কণার পরিমাপের পর নির্দিষ্ট কিছু ফলাফল বেছে নিয়ে বিশ্লেষণ করা হয়। গবেষকদের গাণিতিক হিসাব অনুযায়ী, এই বিশেষ নির্বাচন ও কোয়ান্টাম হস্তক্ষেপের কারণে প্রোব কণার ভরবেগে এমন পরিবর্তন ঘটতে পারে, যা কার্যকরভাবে মহাকর্ষীয় বিকর্ষণের মতো আচরণ করবে।
এখানে কোয়ান্টাম হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ। একাধিক সম্ভাব্য কোয়ান্টাম অবস্থার সমন্বয়ের কারণে পরিমাপের ফলাফল বদলে যেতে পারে। গবেষকদের মতে, প্রস্তাবিত বিকর্ষণধর্মী প্রভাব তৈরি করতে মহাকর্ষীয় ক্ষেত্রের দুটি ভিন্ন কোয়ান্টাম অবস্থার মধ্যে হস্তক্ষেপ প্রয়োজন। কোনো সাধারণ ধ্রুপদি মহাকর্ষীয় ক্ষেত্র দিয়ে একই ফলাফল পাওয়া সম্ভব নয় বলে তাঁরা দাবি করেছেন। তাই পরীক্ষায় এমন প্রভাব শনাক্ত করা গেলে তা মহাকর্ষের কোয়ান্টাম প্রকৃতির গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।
এর আগে ২০২৫ সালের ২১ জানুয়ারি Physical Review D জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণাতেও কোয়ান্টাম মহাকর্ষের বিকর্ষণধর্মী প্রভাবের গাণিতিক বিশ্লেষণ করা হয়। চীনের হুনান নরমাল ইউনিভার্সিটির দি হাও, জিয়াওয়েই হু ও হংওয়েই ইউ এই গবেষণায় শূন্যস্থানের কোয়ান্টাম ওঠানামার কারণে দুটি বিশেষ ধরনের মেরুকরণযোগ্য বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণ করেন। তাঁরা দেখান, গ্র্যাভিটোইলেকট্রিক ও গ্র্যাভিটোম্যাগনেটিক প্রভাবের পারস্পরিক ক্রিয়ায় বিকর্ষণধর্মী শক্তি তৈরি হতে পারে। তবে তাঁদের হিসাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এই বিকর্ষণ আকর্ষণধর্মী প্রভাবকে অতিক্রম করতে পারে না। অর্থাৎ, সব মহাকর্ষীয় আকর্ষণ উল্টে দেওয়ার মতো কোনো ফলাফল তাঁরা দেখাননি।
তাহলে কি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব ভুল প্রমাণিত হতে যাচ্ছে? বিষয়টি এত সরল নয়। সাধারণ আপেক্ষিকতা বৃহৎ পরিসরে মহাকর্ষের অত্যন্ত সফল ব্যাখ্যা দিয়েছে। তবে এটি মহাকর্ষের কোয়ান্টাম প্রকৃতির পূর্ণাঙ্গ ব্যাখ্যা নয়। নতুন গবেষণাটি মূলত এমন একটি সম্ভাব্য ফলাফলের কথা বলছে, যা প্রচলিত ধ্রুপদি মহাকর্ষের কাঠামো দিয়ে ব্যাখ্যা করা যায় না। পরীক্ষায় প্রস্তাবিত প্রভাব সত্যিই শনাক্ত হলে আইনস্টাইনের তত্ত্বের প্রয়োগসীমা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হবে এবং আরও বিস্তৃত তত্ত্বের প্রয়োজনীয়তা সামনে আসবে।
তবে এখনো এই বিকর্ষণধর্মী প্রভাব পরীক্ষাগারে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। একটি কণাকে দীর্ঘ সময় ধরে কোয়ান্টাম সুপারপজিশনে রাখা, পরিবেশের অনাকাঙ্ক্ষিত প্রভাব থেকে তাকে রক্ষা করা এবং অন্য কণার ভরবেগের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন শনাক্ত করা বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তাই গবেষণাগুলোকে পরীক্ষায় প্রমাণিত আবিষ্কার হিসেবে দেখার সুযোগ নেই।
মহাকর্ষকে আমরা প্রতিনিয়ত অনুভব করলেও এর মৌলিক প্রকৃতি সম্পর্কে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও সাধারণ আপেক্ষিকতাকে একই কাঠামোয় ব্যাখ্যা করার প্রচেষ্টা সেই অজানা রহস্যেরই অংশ। নতুন গবেষণাগুলো ইঙ্গিত দিচ্ছে, ক্ষুদ্রাতিক্ষুদ্র জগতে মহাকর্ষের আচরণ আমাদের পরিচিত ধারণার চেয়ে অনেক বেশি জটিল হতে পারে।
লিখেছেন:
আল মামুন রিটন
সূত্র: Repulsive Gravitational Force as a Witness of the Quantum Nature of Gravity। প্রথম প্রকাশিত হয় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি
Brecht Corbeel via Pixabay
