
মানুষ ঈশ্বরকে সৃষ্টি করেছে, নাকি ঈশ্বর মানুষকে? প্রশ্নটি সহজ শোনালেও দর্শনের একটি গভীর বিতর্ক এর ভেতরে আছে। মানুষ ঈশ্বরের যে রূপ কল্পনা করে, তাতে কি তার নিজের ভয়, আশা, ভালোবাসা ও আদর্শের ছাপ পড়ে? উনিশ শতকের জার্মান দার্শনিক লুডভিগ ফয়ারবাখ এই প্রশ্নই তুলেছিলেন। তাঁর মূল কথা ছিল, ঈশ্বরকে বোঝার আগে মানুষকে বুঝতে হবে।
ফয়ারবাখ জন্মেছিলেন ১৮০৪ সালের ২৮ জুলাই, জার্মানির ল্যান্ডশুটে। বাবা ছিলেন আইনজ্ঞ। শিক্ষিত পরিবারে বড় হয়ে তিনি প্রথমে ধর্মতত্ত্ব পড়তে শুরু করেন। কিন্তু ধর্মতত্ত্বের প্রচলিত কাঠামো তাঁকে ধরে রাখতে পারেনি। দর্শনের টানে তিনি বার্লিনে গিয়ে হেগেলের কাছে পড়েন। হেগেলের ভাববাদ তাঁর চিন্তায় গভীর প্রভাব ফেলেছিল, যদিও পরে তিনি সেই দর্শনের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করেন।
স্বাধীনভাবে ভাবার প্রবণতা তাঁর শুরু থেকেই ছিল। ১৮৩০ সালে তিনি বেনামে প্রকাশ করেন Thoughts on Death and Immortality। বইটিতে আত্মার অমরত্ব ও প্রচলিত ধর্মীয় ধারণার সমালোচনা ছিল। লেখকের পরিচয় প্রকাশ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পথ কার্যত বন্ধ হয়ে যায়। তাঁকে দীর্ঘ সময় স্বাধীনভাবে লিখে ও গবেষণা করে চলতে হয়। নিজের চিন্তার সঙ্গে আপস না করার মূল্য তিনি পেশাগত জীবনে দিয়েছেন।
১৮৪১ সালে প্রকাশিত The Essence of Christianity বা ‘খ্রিষ্টধর্মের সারসত্তা’ তাঁকে ইউরোপের দার্শনিক আলোচনায় পরিচিত করে তোলে। এই বইয়ে তিনি ধর্মকে মানুষের মনস্তত্ত্ব ও প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করেন। তাঁর যুক্তি ছিল এরকম: মানুষ নিজের সীমাবদ্ধতা টের পায়, আর তার বিপরীতে একটি অসীম ও পরিপূর্ণ সত্তার ধারণা গড়ে তোলে। মানুষের জ্ঞান সীমিত, তাই সে সর্বজ্ঞ ঈশ্বর কল্পনা করে। মানুষ মৃত্যুর মুখোমুখি হয়, তাই অমরত্বের আকাঙ্ক্ষা ঈশ্বরের ধারণার সঙ্গে জুড়ে দেয়। মানুষ ভালোবাসা, ন্যায় ও কল্যাণ চায়, তাই ঈশ্বরকে অসীম ভালোবাসা, ন্যায় ও কল্যাণের অধিকারী ভাবে।
ফয়ারবাখের ব্যাখ্যায় এটি কেবল কল্পনার ব্যাপার নয়, আত্মপরিচয়ের প্রশ্নও। মানুষ নিজের প্রজাতিগত গুণগুলোকে নিজের কাছ থেকে আলাদা করে একটি পরম সত্তার ওপর আরোপ করে। ফলে নিজের আদর্শ রূপকেই সে ঈশ্বরের মধ্যে দেখে। এই প্রক্রিয়াকে তিনি ধর্মীয় বিচ্ছিন্নতা বা প্রক্ষেপণ বলেছেন।
তবে তিনি কেবল ঈশ্বরের ধারণার সমালোচনা করতে চাননি। তিনি চেয়েছিলেন, মানুষের কাছ থেকে সরে যাওয়া মানবিক গুণগুলো মানুষের কাছেই ফিরে আসুক। তাঁর মতে ভালোবাসা, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবিক মর্যাদার জন্য কোনো অতিপ্রাকৃত অনুমোদন লাগে না। মানুষকে ভালোবাসার কারণ মানুষ নিজেই। মানুষের প্রতি দায়িত্বের মূল্য মানুষের জীবনের ভেতরেই আছে।
এই দর্শন উনিশ শতকের ইউরোপে বড় আলোড়ন তোলে। কার্ল মার্ক্স ও ফ্রিডরিখ এঙ্গেলসসহ অনেকে তাঁর কাজ দ্বারা প্রভাবিত হন। মার্ক্সের প্রাথমিক চিন্তায় ফয়ারবাখের ধর্মসমালোচনার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে ১৮৪৫ সালে লেখা Theses on Feuerbach-এ মার্ক্স এর সীমা দেখান। তাঁর বক্তব্য, মানুষকে শুধু বিমূর্ত মানবপ্রকৃতি দিয়ে বোঝা যায় না। মানুষের বাস্তব সামাজিক সম্পর্ক, ইতিহাস ও বস্তুগত জীবনও দেখতে হবে।
ফয়ারবাখ ধর্মকে মানুষের প্রকৃতির সঙ্গে জুড়েছিলেন, কিন্তু সেই প্রকৃতি কোন সামাজিক ও ঐতিহাসিক পরিস্থিতিতে গড়ে ওঠে, তা বিশ্লেষণ করেননি। এই সমালোচনা তাঁর চিন্তাকে বাতিল করেনি, বরং পরবর্তী বস্তুবাদী দর্শনের বিতর্ককে এগিয়ে নিয়েছে।
ফয়ারবাখের জীবনও সরলভাবে এগোয়নি। ১৮৪৮ সালের বিপ্লবী আন্দোলনের সময় তিনি জার্মানির গণতান্ত্রিক ও প্রগতিশীল ধারার সঙ্গে ছিলেন। বিপ্লব ব্যর্থ হলে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ বদলে যায়, আর জনপরিসরে তাঁর প্রভাব কমতে থাকে। শেষ জীবনে আর্থিক সংকটে পরিবারসহ তাঁকে নুরেমবার্গের কাছে রেচেনবার্গে থাকতে হয়।
১৮৬৭ সালে মার্ক্সের Das Kapital প্রকাশিত হলে তিনি তা পড়ে অর্থনৈতিক ও সামাজিক বিশ্লেষণে আগ্রহী হন। ১৮৭০ সালে তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন, এবং দলের আর্থিক সহায়তা তাঁর পরিবারকে টিকে থাকতে সাহায্য করে। অর্থাৎ বিমূর্ত বিতর্কে থেমে না থেকে তিনি সমাজ বদলের রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছিলেন।
১৮৭২ সালের ১৩ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। তখন তিনি আর আগের মতো আলোচিত ছিলেন না। যে বই একসময় ইউরোপের চিন্তাজগৎ নাড়িয়ে দিয়েছিল, তার লেখক শেষ বয়সে অভাবে দিন কাটিয়েছেন। তবু নুরেমবার্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রমিক আন্দোলনের লাল পতাকা হাতে মানুষের উপস্থিতি তাঁর রাজনৈতিক অবস্থানের তাৎপর্যপূর্ণ প্রতিফলন হয়ে ওঠে। আধুনিক ধর্মসমালোচনা, বস্তুবাদ ও মানবতাবাদে তাঁর প্রভাব জীবদ্দশার জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে।
তাঁর দর্শনের সীমাবদ্ধতাও আছে। ধর্মের উৎপত্তি ও স্থায়িত্বকে শুধু মানুষের আকাঙ্ক্ষা দিয়ে ব্যাখ্যা করলে ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় অভিজ্ঞতার সব দিক ব্যাখ্যা করা যায় না। আবার কোনো বিশ্বাসের মনস্তাত্ত্বিক উৎস চিহ্নিত করলেই তার বিষয়বস্তু সত্য না মিথ্যা, তা চূড়ান্তভাবে ঠিক হয়ে যায় না। তবু তাঁর ঐতিহাসিক গুরুত্ব কমে না, কারণ ধর্মতাত্ত্বিক ও ভাববাদী ব্যাখ্যা যখন ইউরোপীয় দর্শনে প্রবল, তখন তিনি মানুষকে চিন্তার কেন্দ্রে ফিরিয়ে আনতে চেয়েছিলেন।
অনেকের মতে ফয়ারবাখের বড় অবদান ঈশ্বর নিয়ে তাঁর সিদ্ধান্তে নয়, বরং বিশ্বাসের উৎস খুঁজতে শেখানোয়। পরম সত্য, অসীম ভালোবাসা বা সর্বোচ্চ ন্যায়ের যে ধারণা আমরা করি, তাতে আমাদের নিজেদের আকাঙ্ক্ষা কতটা কাজ করে, এই প্রশ্ন তিনি আমাদের সামনে রেখেছেন। তাঁর মত মানা বা না মানা প্রত্যেকের স্বাধীনতা, কিন্তু প্রশ্নগুলো উপেক্ষা করা কঠিন।
ঈশ্বরের কথা বলতে গিয়ে ফয়ারবাখ মানুষের দিকে তাকাতে বলেছিলেন। আর মানুষকে বুঝতে হলে তার ভয়, আশা, ভালোবাসা, সীমাবদ্ধতা এবং স্বাধীনভাবে ভাবার অধিকারকেও বুঝতে হয়।
লিখেছেন:
আল মামুন রিটন
সম্পাদক, বিজ্ঞান তথ্য
