
হার্ট অ্যাটাক হঠাৎ ঘটে মনে হলেও এর পেছনে দীর্ঘদিনের শারীরিক পরিবর্তন কাজ করে। করোনারি ধমনিতে চর্বি ও প্লাক জমা, রক্তপ্রবাহে বাধা এবং ধমনির গঠনগত পরিবর্তন ধীরে ধীরে তৈরি হয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব পরিবর্তন বিশ্লেষণ করে ঝুঁকি আগে থেকেই শনাক্ত করার চেষ্টা চলছে।
চিকিৎসকেরা ইসিজি, রক্ত পরীক্ষা, রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা ও সিটি স্ক্যান থেকে বিপুল তথ্য সংগ্রহ করেন। মানুষের চোখে এসব তথ্যের সব সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ে না। মেশিন লার্নিং প্রযুক্তি বিপুলসংখ্যক রোগীর তথ্য বিশ্লেষণ করে কোন পরিবর্তন পরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তা শনাক্ত করতে পারে। একাধিক তথ্যের মধ্যে এমন সম্পর্কও খুঁজে বের করে, যা সাধারণ বিশ্লেষণে চোখে পড়ে না।
হার্ট অ্যাটাকের প্রধান কারণ করোনারি ধমনিতে প্লাক জমা। এআই সিটি স্ক্যানের ছবি বিশ্লেষণ করে প্লাকের পরিমাণ, ধরন ও অবস্থান শনাক্ত করে। শুধু পরিমাণ নয়, প্লাকের গঠনও বিশ্লেষণ করা যায়, কারণ কিছু প্লাক তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ। ইসিজির বৈদ্যুতিক সংকেতে থাকা সূক্ষ্ম বৈশিষ্ট্যও এআই ধরতে পারে, যা দিয়ে হৃদযন্ত্রের গঠনগত সমস্যা ও ভবিষ্যৎ ঝুঁকির পূর্বাভাস পাওয়া সম্ভব। তবে ইসিজি দেখে নির্দিষ্ট সময়ে কার হার্ট অ্যাটাক হবে তা নিশ্চিতভাবে বলা যায় না।
কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, রক্তে শর্করা ও প্রদাহসংশ্লিষ্ট উপাদানের মাত্রা হৃদরোগের ঝুঁকি নির্ণয়ে গুরুত্বপূর্ণ। এআই এসবের সঙ্গে রোগীর বয়স, ওজন, রক্তচাপ, ধূমপানের অভ্যাস, পারিবারিক ইতিহাস ও পূর্ববর্তী রোগের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে। ধরুন, দুজনের কোলেস্টেরল প্রায় সমান; কিন্তু একজনের ডায়াবেটিস আছে, তিনি ধূমপান করেন এবং পরিবারে অল্প বয়সে হৃদরোগের ইতিহাস আছে। এআই এসব তথ্য একত্র করে দুজনের ঝুঁকির পার্থক্য বোঝাতে চিকিৎসককে সহায়তা করে।
ঝুঁকি আগে শনাক্ত হলে খাদ্যাভ্যাস পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, ধূমপান বন্ধ, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে ওষুধ গ্রহণের পরামর্শ দেওয়া যায়। বেশি ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে আরও বিস্তারিত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। এতে গুরুতর হৃদরোগ হওয়ার আগেই চিকিৎসা শুরুর সুযোগ বাড়ে।
তবে এর সীমাবদ্ধতাও স্পষ্ট। এআই এখনো নিশ্চিতভাবে বলতে পারে না কে ঠিক কবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হবেন। এর কাজ সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করা। পূর্বাভাসের নির্ভরযোগ্যতা নির্ভর করে তথ্যের মান, প্রশিক্ষণে ব্যবহৃত রোগীর সংখ্যা, অ্যালগরিদমের কার্যকারিতা ও জনগোষ্ঠীর বৈশিষ্ট্যের ওপর। এক দেশের তথ্যে তৈরি মডেল অন্য দেশে একই ফল নাও দিতে পারে। তাই চিকিৎসকের মূল্যায়ন ও প্রচলিত পরীক্ষার বিকল্প নয়, বরং সহায়ক প্রযুক্তি হিসেবে এআই ব্যবহার করা উচিত।
কৃত্রিম বুদ্ধিমত্তা হৃদরোগ শনাক্তকরণ ও ঝুঁকি নিরূপণে নতুন সম্ভাবনা তৈরি করছে। প্রযুক্তির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনই হৃদযন্ত্র সুস্থ রাখার প্রধান উপায়।